
পলাশবাড়ীতে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সোরাইয়া আক্তার রিমির সাফল্য, ডাক্তার হওয়ার স্বপ্ন
পলাশবাড়ী: থেকে মোঃ আবু জাফর মন্ডল:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছা. সোরাইয়া আক্তার রিমি এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার এই অসামান্য সাফল্যে পরিবার-পরিজন, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার।
সোরাইয়া আক্তার রিমি কুমিদপুর গ্রামের মো. গোলাম মোস্তফার মেয়ে। তার মায়ের নাম মোছা. রুবিনা বেগম। সে হরিনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুকজামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল প্রবল আগ্রহ ও মনোযোগ। নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনার ফলে সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।
রিমির পরিবারে দুই ভাই ও এক বোন। পরিবারের সদস্যরা জানান, রিমির সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই ফলাফল শুধু পরিবারের জন্য নয়, বিদ্যালয় ও পুরো এলাকার জন্যও গর্বের বিষয়। ফলাফল প্রকাশের পর আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার জন্য শুভকামনা জানিয়েছেন।
সোরাইয়া আক্তার রিমির স্বপ্ন ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। তার ভাষ্য, ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে। এজন্য ভবিষ্যতেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
তার সাফল্যে তালুকজামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষকরা বলেন, রিমির এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষার প্রতিটি ধাপে রিমি তার মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সোরাইয়া আক্তার রিমির মতো মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ পরিবার, বিদ্যালয়, উপজেলা ও জেলার সুনাম বয়ে আনবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।





