
গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান দেশীয় অস্ত্রসহ আটক ২।
রংপুর বিভাগীয় বিশেষ পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
তারিখ : ৩১ আগস্ট, ২০২৬
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্রসহ মো. রাসেল মিঞা (৩০) ও হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০) নামে দুই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত—রাসেল মিঞা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের বাসিন্দা এবং হৃদয় সরকার পনির শহরের ব্রিজ রোড কালাচাঁদ পাড়া/কালীবাড়ী এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কোমরপুর গ্রামে রাসেলের বাড়িতে প্রথম অভিযান চালায়। এ সময় তার শোবার ঘরের তোশকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল ও একটি লোহার চেইন উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের কালীবাড়ী এলাকায় হৃদয়ের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে তোশকের নিচ থেকে একটি ধারালো লোহার ছোরা ও একটি হাতুড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এসব দেশীয় অস্ত্র নিজেদের কাছে রেখে এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-৬৯) দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





