
ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
অনলাইন থেকে টেলিভিশনে—বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিওডি বাংলার কুড়িগ্রাম প্রতিনিধি মো. এরশাদুল হক এ অনুষ্ঠানের আয়োজন করেন।
কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, ভিওডি বাংলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মো. এরশাদুল হক, কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম অনিরুদ্ধ রেজা।
এ সময় বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রেস ক্লাবের সভাপতি ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশনভিত্তিক সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, ভিওডি বাংলা প্রতিষ্ঠার পর থেকে সংবাদ ও সমসাময়িক বিষয় তুলে ধরার মাধ্যমে দর্শক-পাঠকের কাছে জায়গা করে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের প্রতিষ্ঠিত এ হাইব্রিড চ্যানেলটি দেশ, মাটি ও আপামর সাধারণ মানুষের প্রকৃত চিত্র তুলে ধরবে—এমন প্রত্যাশা রয়েছে।
পরে ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





