
নাগরপুরে এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এবং তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলার উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার দুপুর ১২:০০ টায় কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশগ্রহণ করেন।
এ সময় তারা সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এবং তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন। প্রার্থনা পরিচালনা করেন বাবু জীবনকৃষ্ণ চক্রবর্তী।
প্রার্থনা শেষে উপস্থিত ভক্তরা বলেন, রবিউল আওয়াল লাভলু নাগরপুর-দেলদুয়ারের মানুষের একজন জনপ্রতিনিধি। তাঁর অসুস্থতার খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন-এ প্রত্যাশা ব্যক্ত করেন।
নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু রমেন্দ্র নারায়ণ শীল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস এর সঞ্চালনায় উক্ত প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলার সদস্য সচিব ঝুটন কুমার সাহা প্রমুখ।
এছাড়াও প্রার্থনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।





