
বিদ্যুতের শর্টে প্রাণ গেল কিশোরীর
কটিয়াদীতে একই পরিবারের তিনজন বিদ্যুৎস্পৃষ্ট, বেঁচে গেলেন মা ও দাদি
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী বিদ্যুতের শর্ট সার্কিটে শিমু আক্তার আমেনা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হলেও তারা প্রাণে রক্ষা পাই।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিমু আক্তার আমেনা ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
নিহতের বাবা সাইদুর রহমান জানান, দুপুর ১২টার দিকে তাঁর মা বিদ্যুতের শর্টে আক্রান্ত হন। এ সময় তাঁকে উদ্ধারের জন্য তাঁর স্ত্রী ও মেয়ে শিমু আক্তার এগিয়ে যান। বৃষ্টিতে ভেজা টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় শিমু সেখানে আটকে যায়। তবে তাঁর মা ও দাদি কোনোভাবে প্রাণে রক্ষা পেলেও শিমুকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে অচেতন অবস্থায় শিমু আক্তারকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, একই পরিবারের তিনজন—মা, মেয়ে ও দাদি—বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজন প্রাণে রক্ষা পেলেও শিমু আক্তার আমেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





