
কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ সদরুল আলম বাচ্চু (৪৪) এবং সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আমিন রুহুল সরকার (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ সদরুল আলম বাচ্চু কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের শেখেরপাড় গ্রামের মৃত মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে। অপরদিকে খাইরুল আমিন রুহুল সরকার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





