
শ্রীপুর পৌরসভাকে মাদক-সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরী গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:আল আমিন খান
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শ্রীপুর পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেওয়া এলাকায় আমীরউদ্দিনের সভাপতিত্বে এবং খোরশেদের সঞ্চালনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ, মাদক, কিশোর অপরাধসহ নানা বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের ভয়াবহতা থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মো. নাসিম মন্ডল বলেন, “শ্রীপুর পৌরসভাকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলে একটি সুন্দর ও নিরাপদ পৌরসভা গড়ে তোলা সম্ভব। শ্রীপুরের মানুষের নাগরিক অধিকার ও মৌলিক সেবাগুলো নিশ্চিত করার পাশাপাশি এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই।”
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রীপুর পৌরসভার নাগরিক সমস্যা সমাধান, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।





