
ক্যাফেটেরিয়ার খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ক্যাফেটেরিয়ার খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) দুপুর ১২টায় তিনি ক্যাফেটেরিয়াতে আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর প্রথমে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে উপস্থিত হয়ে খাবার তৈরির প্রক্রিয়া, ব্যবহৃত উপাদানের মান, খাবারের পর্যাপ্ততা এবং রান্নাঘরের স্বাস্থ্যসম্মত পরিবেশ সরাসরি যাচাই করেন। এ সময় খাবার প্রস্তুত ও পরিবেশনে নিয়োজিত কর্মচারীদের মাথায় ক্যাপ পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেন তিনি।
পরবর্তীতে ভাইস চ্যান্সেলর ক্যাফেটেরিয়াতে শিক্ষার্থীদের টেবিলে যান এবং খাবারের স্বাদ, মান, দাম, পরিমাণ ও সার্ভিস সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের মতামত ও সুবিধা-অসুবিধার কথা শোনেন। শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
এসময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য নিরাপদ খাবারের পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ক্যাফেটেরিয়াতে মানসম্মত খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এ ধরনের আকস্মিক তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।





