
শিবগঞ্জে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি ফেরদৌস গ্রেপ্তার
শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি ফেরদৌস আহমেদকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) কানসাট এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফেরদৌস আহমেদ শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর ফেরদৌস আহমেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে শিবগঞ্জ থানা পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত ছিল।
এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমানের দিকনির্দেশনায় এসআই প্লাবন ও এএসআই মোখলেছুর ও রহমানের ও এএসআই সাহেদ নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কানসাট এলাকায় ফেরদৌস আহমেদের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন মামলায় পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারের পর ফেরদৌস আহমেদকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





