
বিশ্বনাথের তেঘরীর কৃতিসন্তান অ্যাডভোকেট শামিম আহমদ অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে উন্নীত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরী (বড়বাড়ি) গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামিম আহমদ সহকারী সরকারি কৌঁসুলি (Assistant Government Pleader) পদ থেকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (Additional Government Pleader)পদে উন্নীত হয়েছেন। তাঁর এই পদোন্নতিতে নিজ এলাকা ও আইনজীবী মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
আইন পেশায় সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন অ্যাডভোকেট শামিম আহমদ। বিশেষ করে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদানে তাঁর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়।
ওই সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ও আইনি জটিলতায় পড়া অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বিনামূল্যে জামিনের ব্যবস্থা, আইনি পরামর্শ এবং প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের জন্য তাঁর এই মানবিক উদ্যোগ অনেকের কাছে আশার প্রতীক হয়ে ওঠে।
আইনজীবী হিসেবে শুধু আদালতকেন্দ্রিক কার্যক্রমের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাডভোকেট শামীম আহমেদ
সংশ্লিষ্টরা মনে করছেন,সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে তাঁর অঙ্গীকার এবং অসহায় মানুষের জন্য আইনি সহায়তার ধারাবাহিকতা তাঁকে একজন মানবিক ও জনবান্ধব আইনজীবী হিসেবে আরও পরিচিত করে তুলবে।





