
ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী ও উপজেলাবাসীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবদলের প্রাক্তন দুইবারের আহ্বায়ক আলহাজ্ব মো: রুহুল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগে যুগে সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে আসছে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনুক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।
তিনি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ধামইরহাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।





