
সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাসের পরিবর্তে সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক গ্রামের হাজারো মানুষ।
বুধবার (১৮ অক্টোবর) সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে মদনপুর-গাউছিয়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সোনারগাঁ উত্তর জামায়াতের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন।
তিনি বলেন, সোনারগাঁ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। মদনপুর-গাউছিয়া মহাসড়ক এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক। ঐতিহাসিক নয়াপুর বাজার সোনারগাঁয়ের উত্তরাঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াতের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে নির্মিত আন্ডারপাসটি একেবারেই অনুপযুক্ত। তাই জনসাধারণের দাবি বিবেচনায় নিয়ে আন্ডারপাসের পরিবর্তে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এ সময় তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি জনদাবি বাস্তবায়নের আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, বড় বড় সড়ক, সেতু, কালভার্টসহ সব অবকাঠামো মানুষের কল্যাণে নির্মাণ করা হয়। কিন্তু এসব অবকাঠামো মানুষের কাজে না এলে সেগুলোর কোনো মূল্য থাকে না। বিশাল এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য ছোট একটি আন্ডারপাস যথেষ্ট নয়। তাই এখানে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, এখানে নির্মিত আন্ডারপাসটি এতটাই ছোট যে একটি ছোট গাড়ি নিয়েও সহজে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায় না। এ সময় তিনি প্রকল্প পরিচালক ও প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আন্ডারপাসের পরিবর্তে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের আহ্বান জানান।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার বলেন, মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে, এ স্থানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদেক হাজি, বিএনপি নেতা মো. কাওছার, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দসহ নয়াপুর বাজারের আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ।





