
ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
মো: মেহেদী হাসান বিজয় ২৪ টিভি( ফরিদপুর) প্রতিনিধি:
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালিতে অংশগ্রহণকারীরা সমবেত হন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজমসহ জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও অধিকার নিশ্চিত করতে সাদাছড়ির সঠিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। তাই এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাঁদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং সামাজিক বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাঁদের স্বাবলম্বী করে তোলা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং তাঁদের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনের পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।





