
সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচার ও জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা।
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান
গফরগাঁও, ময়মনসিংহ
সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রচার এবং ‘আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও’ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে জনসম্পৃক্ততামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান নান্নু। সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের উন্নয়নে কাজ করা হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাওনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, যাঁকে সমর্থন দেওয়া হবে, অন্য প্রার্থীরা যেন ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করেন এবং তাঁকে বিজয়ী করতে সহযোগিতা করেন। এ সময় তিনি তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে জনগণের সামনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোহাম্মদ খুররম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাহিদ মাস্টার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম বাবুল ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী মাসুদ সকলেই মিছিলসহকারে অংশ নেন।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





