
বাঁশখালীতে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নজরুল ইসলাম সিকদার বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাইল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে উপজেলার ১২ নম্বর ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুদুকখালী আনোয়ারুল বড় মাদ্রাসার পূর্ব পাশে পুকুরসংলগ্ন একটি কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইসমাইল ছনুয়া ইউনিয়নের খুদুকখালী সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খলিমুল্লাহ এবং মায়ের নাম কাওছারা বেগম।
এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।





