
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসিল্যান্ড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, সিলেটে বদলি
তাহের আহমেদ- জামালগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে আরিফুর রহমান শান্ত তাঁর দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট দেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ অপর পোস্টে লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’
পোস্ট দুটি প্রকাশের পর প্রশাসনের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। এ সময় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল বাতেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন।
বর্তমানে আরিফুর রহমান ঢাকার পান্থপথ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে সিলেট থেকে ঢাকায় নিয়ে যান।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক জানান, শুক্রবার রাতে তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন আরিফুর রহমান। সেখান থেকে বের হওয়ার পর তিনি ফেসবুকে পোস্ট দেন। পরে তাঁর বাসায় গিয়ে তাঁকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তিনি পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারছিলেন না বলে জানান ইউএনও। এর আগে বাসায় থাকা এক আনসার সদস্যকে মারধর এবং টেবিলের কাচ ভাঙার ঘটনাও ঘটে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল বাতেন তাঁকে পরীক্ষা করেন। ওষুধ দেওয়ার পরও অস্বাভাবিক আচরণ অব্যাহত থাকায় তাঁর স্ত্রী তাঁকে সিলেটে নিয়ে যান। সেখানে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাঁর খোঁজখবর রাখা হচ্ছে। তাঁর আগে থেকেই মানসিক স্বাস্থ্যগত সমস্যা ছিল বলে প্রশাসন জানতে পেরেছে। চিকিৎসকেরা তাঁর রোগকে সিজোফ্রেনিয়া হিসেবে শনাক্ত করেছেন বলেও তিনি জানান।
ইউএনও শিল্পী রানী মোদক আরও জানান, আরিফুর রহমানের স্ত্রী তাঁকে জানিয়েছেন, তিন দিন আগে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে আরিফুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। সেখান থেকে ফিরে নদীতে শিশুটির মরদেহ দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এরপর থেকেই তাঁকে অন্যমনস্ক দেখা যাচ্ছিল বলে জানান ইউএনও।
প্রথমে তাঁর মোবাইল ফোন হ্যাক হওয়ার কথা শোনা গেলেও পরে তাঁর স্ত্রী জানান, ফোন হ্যাক হয়নি; আরিফুর রহমান নিজেই পোস্ট দুটি দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী পোস্ট দুটি মুছে দেন।





