
জাতীয় সংসদের ০৩, ঠাকুরগাঁও-০১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
২৭ অক্টোবর ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদের ৩, ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষ্যে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনি আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন ।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনি এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নির্বাচনি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জনগণের সঙ্গে পেশাদার, সংযত ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও; জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঠাকুরগাঁও; জনাব জুয়েল রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঠাকুরগাঁও; বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচনি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যগণ।





