
গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের
মো. এনামুল হক
স্টাফ রিপোর্টার
ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন। সেই আন্দোলনে হামলার শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ পোশাকশ্রমিক তোফিক। পরিবারের অভাব ঘোচাতে ও জীবিকার তাগিদে গাজীপুরে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তাঁর। তোফিকের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত তোফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৪ নম্বর কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খানের ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন।
পরিবারের আর্থিক সংকটের কারণে সংসারের হাল ধরতে গাজীপুরের বাংলা বাজার এলাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ শুরু করেন তোফিক।
জানা যায়, গাজীপুরের বাংলা বাজার এলাকায় শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে হঠাৎ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আন্দোলন দমনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তোফিক নিজের মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে হামলাকারীরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে সহকর্মী ও আন্দোলনরত শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ লড়াই শেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তোফিকের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই-খাতা, চোখে থাকার কথা ছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, সেই বয়সেই জীবিকার তাগিদে শ্রমিকের জীবন বেছে নিতে হয়েছিল তাঁকে।
একটি তাজা প্রাণ ঝরে গেল শ্রমের মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে। তোফিকের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মী ও স্বজনরা।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।





