
ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন নেতৃত্ব ঘোষণা, আমীর আলমগীর ও সেক্রেটারি কফিল উদ্দিন
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।
২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার নতুন নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা আমীর নির্বাচিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জননেতা মোহাম্মদ আলমগীর। একই সঙ্গে জেলা সেক্রেটারি, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে নির্বাচিত জেলা শূরা সদস্যদের অধিবেশনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিবেশনে জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ কফিল উদ্দিন আহমাদ। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম (গণিত) ও মাওলানা মো. মতিউর রহমান।
শপথ অনুষ্ঠান-পরবর্তী গঠনতন্ত্র অনুসরণ করে জেলা আমীর মোহাম্মদ আলমগীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য হিসেবেও নির্বাচিত হন।
জেলা আমীর ও সেক্রেটারিকে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতার জন্য গঠনতন্ত্রের ৪২ ও ৪৩ ধারা অনুযায়ী নির্বাচিত শূরা সদস্যদের উপস্থিতিতে নতুন কর্মপরিষদ গঠন করা হয়। এতে কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফিরোজ বিশ্বাস, মাওলানা সোলাইমান হোসেন, মাওলানা ফজলে রাব্বী মর্তুজাবী, মোহাম্মদ শাহজালাল জুয়েল, মাওলানা খলিলুর রহমান, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম (রাণী) ও অধ্যক্ষ শামসুজ্জামান শাহ্ শামীম। পরে নবনির্বাচিত জেলা আমীর মোহাম্মদ আলমগীর তাঁদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য ও সাবেক দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, অঞ্চল টিমের সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম এবং কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সদ্য বিদায়ী জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।
উল্লেখ্য, নবনির্বাচিত জেলা আমীর মোহাম্মদ আলমগীর, জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমাদ ও সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান—এই তিন নেতা অতীতে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
অতীতের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক পথচলার মধ্য দিয়ে ছাত্রনেতা থেকে জননেতায় পরিণত হওয়া এসব নেতাকে ঘিরে জেলা জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ দেখা দিয়েছে। তাঁদের নেতৃত্বে ঠাকুরগাঁওয়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতা-কর্মীরা।
অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রবীণ নেতা মাওলানা আব্দুল হাকিম ও সদ্য বিদায়ী জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান নতুন নেতৃত্বকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি মহান আল্লাহ যেন নতুন নেতৃত্বকে তাঁর রহমতের চাদরে আবৃত রাখেন এবং দায়িত্ব পালনে তাওফিক দান করেন, সে দোয়া করেন তাঁরা।





