
ধামইরহাট থানায় ব্যতিক্রমী উদ্যোগ: স্টাফ কোয়ার্টার সংলগ্ন খালে অফিসার ও ফোর্সের জন্য মাছের পোনা অবমুক্ত
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট থানায় পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মস্পৃহা বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
থানা কম্পাউন্ডের স্টাফ কোয়ার্টার সংলগ্ন ক্যানেলে অফিসার ও ফোর্সদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০ ঘটিকায় এই মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মমতাজুর রহমান।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো— থানার পুলিশ সদস্যদের জন্য বিনোদন ও সুষম আমিষের চাহিদা পূরণের পাশাপাশি থানা চত্বরের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ আরও সমৃদ্ধ করা।মাছ অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার এসআই মোঃ শাহ আলমসহ থানার অন্যান্য সাব-ইন্সপেক্টর (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কনস্টেবলবৃন্দ।
এ সময় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. মমতাজুর রহমান বলেন, “পুলিশ সদস্যরা দিনরাত অত্যন্ত ব্যস্ততা ও চ্যালেঞ্জিং পরিবেশে জনগণের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করেন। তাদের কর্মঘণ্টার ক্লান্তি দূর করতে এবং থানা প্রাঙ্গণকে আরও প্রাণবন্ত ও সবুজ করে তুলতে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে থানা চত্বরে এমন কল্যাণমুখী আরও নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে।
“কর্মসূচি শেষে উপস্থিত সকল পুলিশ সদস্য এই সুন্দর ও কল্যাণকর উদ্যোগের জন্য ওসি মহোদয়কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সবাই মিলে মাছের পরিচর্যা ও সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।





