
সম্পূর্ণ বিনামূল্যে লাইট ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা: ১১.১১.২০২৬
দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিনব্যাপী জব কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোহম্মদ জোনায়েদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ট্রেনিং সেন্টারের কো-অর্ডিনেটর মোহসীন আলী এবং কো-অর্ডিনেটর ফাহিম মোহম্মদ সোহেব।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনে সফল হওয়ার লক্ষ্যে বিশেষ জব কাউন্সেলিং সেশন পরিচালনা করা হয়। এ সময় বক্তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও কারিগরি দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিদ্যমান কর্মসংস্থানের সুযোগ, সম্ভাবনা এবং দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তরুণ সমাজ চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে লাইট ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের এ উদ্যোগ তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।





