
নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক, বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা
সাগর আহমেদ জজ,
নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় সিরাপসহ মোঃ ফারুক মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর থানাধীন সিধলী থেকে নেত্রকোণাগামী পাকা সড়কের দিগজান বাজার এলাকায় সাইদুল ইসলামের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকসহ ফারুক মিয়াকে আটক করে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ‘ফেয়ারডাইল নিউ’ (FAIRDYL NEW) নামের ৫৬০ বোতল সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট উদ্ধার করা সিরাপের পরিমাণ ৫৬ লিটার।
উদ্ধার করা সিরাপের মধ্যে ‘ফ্রেশ সিমেন্ট’ লেখা সাতটি প্লাস্টিকের বস্তায় প্রতি বস্তায় ৬০ বোতল করে মোট ৪২০ বোতল পাওয়া যায়। এ ছাড়া সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তায় প্রতি বস্তায় ৭০ বোতল করে আরও ১৪০ বোতল উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২), গাড়ির চাবি এবং একটি ডুয়েল সিমযুক্ত ওয়ালটন বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে।
আটক মো. ফারুক মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া এলাকার নাটেরকোণা গ্রামের বাসিন্দা। তিনি জব্বার আলী ও মোছা. হোশনাহার বেগমের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





