
কলকাতার রাজপথে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিল, নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব
কলকাতা থেকে মোমিন আলি লস্কর:-
গণতন্ত্র রক্ষা এবং রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে কলকাতার রাজপথে বিশাল মহামিছিলের আয়োজন করল বিজেপি। সোমবার বিকেলে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মহামিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতা।বিজেপির ঘোষিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিকে সামনে রেখে এই মহামিছিলের আয়োজন করা হয়। দলের নেতৃত্বের বক্তব্য, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক অধিকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দলগুলির ভূমিকা নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ ও সংঘাতের পরিস্থিতির প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়।এদিন দুপুরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা কলকাতার কলেজ স্কোয়ারে জমায়েত হন। সেখান থেকেই শুরু হয় মহামিছিল। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলকাতার রাজপথ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।বিজেপি নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বিরোধী দলগুলি নানা বাধা সৃষ্টি করছে। তাঁদের দাবি, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজনৈতিক সংঘাতের পরিবর্তে গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই সারা দেশে গণতন্ত্র রক্ষার কর্মসূচি পালনের কথা জানিয়েছে বিজেপি নেতৃত্ব।আজকের এই মহামিছিলে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন সাংগঠনিক এলাকা থেকে বহু বিজেপি নেতা ও কর্মী অংশগ্রহণ করেন।উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্রীমতী সোমা ঘোষ, মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্রী নবেন্দু সুন্দর নস্কর, সহ-সভাপতি তথা মগরাহাট পশ্চিমের সাংগঠনিক পর্যবেক্ষক শ্রী গৌর ঘোষ, মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক শ্রী গৌর সুন্দর ঘোষ, যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্রী মনোরঞ্জন জোয়ার্দার এবং জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্রী উৎপল নস্কর।এছাড়াও জেলার বিভিন্ন মণ্ডল ও শাখা সংগঠনের একাধিক নেতা-কর্মী এই মহামিছিলে অংশগ্রহণ করেন।রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে কলকাতার এই কর্মসূচি ঘিরে বিজেপির সাংগঠনিক তৎপরতা ও রাজনৈতিক কর্মসূচির চিত্র আরও একবার সামনে উঠে আসে।





