
ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস স্মরণে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুরআনের মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে কুরআনের মর্যাদা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে ৮ জন কুরআনপ্রেমী শহীদ হন। সেই রক্তস্নাত ঘটনার স্মরণে প্রতিবছর ১১ মে “কুরআন দিবস” হিসেবে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, “কুরআনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ মুসলিম উম্মাহর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্না। তিনি বলেন, “ঐতিহাসিক ১১ মে শুধু একটি দিবস নয়, এটি কুরআনের প্রতি ভালোবাসা, ঈমানি চেতনা ও আত্মত্যাগের প্রতীক। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।”
আলোচনা সভায় বক্তারা কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং কুরআন দিবসের শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





