
রাঙ্গামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের সূচনা
অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রম উদ্বোধন
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলায় সড়ক নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আধুনিক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। এ লক্ষ্যে “অনলাইন বাস টার্মিনাল (OBT)” এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটির লেকভিউ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙ্গামাটি জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম’র পরিকল্পনা ও নির্দেশনায় এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালু করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবহন মালিক ও চালক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “No Helmet, No Ride” সম্বলিত স্টিকার ও হেলমেট বিতরণ করে ট্রাফিক বিভাগ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দেশের অন্যতম পর্যটন জেলা রাঙ্গামাটিতে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক ও স্থানীয় যাত্রীর যাতায়াত হয়। তবে দীর্ঘদিন ধরে সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার অভাবে যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল সংশ্লিষ্টদের।
নতুন এই উদ্যোগের আওতায় শহরে চলাচলরত সিএনজি থ্রি-হুইলার ও চালকদের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৪১৬টি সিএনজি এবং সহস্রাধিক চালকের তথ্য নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার লাগানো হবে। যাত্রীরা মোবাইল ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন।
এছাড়া যাত্রীরা পরিবহন সেবার মান নিয়ে মতামত ও রেটিং দিতে পারবেন। যাত্রীদের মূল্যায়নের ভিত্তিতে চালকদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এতে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালক শনাক্ত করা সহজ হবে এবং যাত্রী নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের আশা।
অন্যদিকে “অনলাইন বাস টার্মিনাল (OBT)” ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের ডিজিটাল তথ্য সংরক্ষণ, পার্কিং ব্যবস্থাপনা এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পর্যটন মৌসুমে রাঙ্গামাটিতে আসা বাসগুলো শহরে প্রবেশের আগেই ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করবে। পাশাপাশি বাস কর্তৃপক্ষকে ই-মেইল ও মোবাইল বার্তার মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য জানানো হবে।
জেলা পুলিশের দাবি, ইতোমধ্যে ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনা চালুর ফলে শহরে যত্রতত্র বাস পার্কিং কমেছে এবং যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মনে করছে, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়াবে, যাত্রী হয়রানি কমাবে এবং রাঙ্গামাটিকে আরও নিরাপদ ও পর্যটকবান্ধব জেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





