
কুড়িগ্রামে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
মোঃ জাফর জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
“জনবান্ধব, সহজ ও ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতকরণ” লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে একযোগে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন ডা. আনম মোহাইমেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সুধীজন।
এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াও অংশগ্রহণ করেন।
তিনদিনব্যাপী এ মেলায় ভূমি অফিসসমূহের সেবামূলক স্টল, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন রাখা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।
আয়োজকরা জানান, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও হয়রানিমুক্তভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।





