
ধামইরহাট সীমান্তে ভারতীয় অবৈধ পুশ-ইন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধ পুশ-ইন সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (১৬ জুন) চকইলাম বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি টহল দল তাকে আটক করে।বিজিবি সূত্র জানায়, ১৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চকইলাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রম (পুশ-ইন) করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছে—এমন সন্দেহে বিজিবি সদস্যরা তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিজিবি নিশ্চিত হয় যে আটককৃত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন।সর্বশেষ তথ্য অনুযায়ী, আটককৃত ব্যক্তি বর্তমানে চকইলাম বিওপির হেফাজতে রয়েছেন। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে তার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।সীমান্তে জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।





