
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ঘটনার বিস্তারিত জানান ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা হাইওয়ে থানার সংলগ্ন স্থানে একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। এ সময় তার সঙ্গে গাড়িতে একজন নারী ছিলেন। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে গাড়িতে বসে ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত ১৫ সেপ্টেম্বর র্যাব-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী অস্ত্রটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রাখার কথা জানান বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে লৌহজংয়ের গোয়ালী মান্দ্রা এলাকার একটি পরিত্যক্ত টয়লেট থেকে হামিদুল গাজীর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





