
দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
পল্লী জীবীকায়ন প্রকল্প (৩য় পর্যায়)-এর সুফলভোগী সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক ০৯ (নয়) দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৮ জুন ২০২৬ তারিখে শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি, শেরপুর-এর উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা সম্মানজনক জীবিকা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক টিটিসিতে চলমান টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী এবং বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং যৌক্তিক প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, বিআরডিবি ও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক পর্যায়ের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





