
লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
সামাজিক উন্নয়নে গবেষণামুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন খুবই জরুরী
… উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ইসলামিক গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ “Worshop on Research Methodology” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মানারত ইন্টারনেশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ও ইসলামি আইন ও বিচার জার্নালের সহকারি এডিটর ড. রুহুল আমিন রাব্বানী।
সামাজিক উন্নয়নে গবেষণামুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন খুবই জরুরী উল্লেখ করে কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষাব্যবস্থায় শিক্ষার সঙ্গে গবেষণার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই শিক্ষকদের উদ্ভাবনী চিন্তাশীলতা থেকে তাদের মধ্যে মানসম্পন্ন গবেষণার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে করে তাদের মধ্যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সক্ষমতার সৃষ্টি হয়। তিনি আরো বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এ সম্পর্কিত গবেষণালব্দ ইসলামিক জ্ঞানের প্রয়োজন। লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে গবেষণার মাধ্যমে ইসলামী স্কলার তৈরি করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উপমহাদেশের প্রখ্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী সমাজের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি করার যে স্বপ্ন নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ইসলামিক স্টাডিজ বিভাগকে কাজ করার আহবান জানান । তিনি কর্মশালার রিসোর্স পারসন লেখক, গবেষক এবং বিশিষ্ট ইসলামিক স্কলার ড. রুহুল আমিন রাব্বানীর মাধ্যমে ইসলামিক বিষয়ে গবেষণা করার বিভিন্ন দিকনির্দেশনা শিক্ষার্থীদের কাজে লাগবে এ আশাবাদ ব্যক্ত করে রিসোর্স পারসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কর্মশালা আয়োজন করার জন্য ইসলামিক স্টাডিজ বিভাগকে ধন্যবাদ জানান।
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ড. রুহুল আমিন রাব্বানী বলেন, গবেষণা শুরুর পূর্বে গবেষণা কীভাবে করতে হয় তা জানা খুবই গুরুত্বপূর্ণ।যেকোনো বিষয়ে গবেষণা করার পূর্বে জানতে হবে কীভাবে গবেষণা করতে হয় এবং কী কী টুলস ব্যবহার করতে হয়। তিনি ইসলামিক গবেষণা বিষয়ক আপডেটেড মেথডোলোজি বিষয়ে আলোকপাত করেন এবং এগুলো জানা প্রত্যেক গবেষকের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানার্জন করার জন্য অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান এবং তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য লিডিং ইউনিভার্সিটির ইসলামিক বিভাগকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান। তিনি এ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন বলে উল্লেখ করেন এবং এ বিভাগের উত্তরোত্তর উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুনের কোঅর্ডিনেশনে এবং প্রভাষক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএ অনার্স ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল হক মো. শহীদ এবং নাশিদ পরিবেশন একই বর্ষের শিক্ষার্থী মো. জামিউর রহমান।
কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ, ড. মো. তুতিউর রহমানসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





