
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ২,আগস্ট রবিবার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য বগুড়া দই ঘর হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ আগস্ট) পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হোটেলে মিষ্টির সঙ্গে পরিবেশনের জন্য ব্যবহৃত গ্রিল তৈরির উপকরণে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যায়, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ উঠে। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হয়নি।
এসব অনিয়মের প্রমাণের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
জানা গেছে, হোটেলটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে সকল ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





