
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আহত
নিজস্ব প্রতিবেদক, যশোর
রফিকুল ইসলাম সবুজ
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ (৩০)। সোমবার ৪ আগস্ট সকালে যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নিউমার্কেট এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান রাশেদ। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিল্টন। তিনি দ্রুত আহত রাশেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে রাশেদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে রাশেদের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তারা রাশেদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, মো. রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।





