
মাধবদী থানা আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতাকে হুমকির অভিযোগ।
বাড়ির সামনে দাফনের কাপড়, গোলাপজলসহ সরঞ্জাম উদ্ধারের দাবি; এলাকায় চাঞ্চল্য।
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হুসাইনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড় বুনাঈদ গ্রামে মো. মোবারক হুসাইনের বাসার সামনে তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। শুধু তাই নয়, তার বাসার সামনে দাফনের কাপড়, গোলাপজলসহ মরদেহ দাফনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
মো. মোবারক হুসাইন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার অভিযোগ, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়কে কেন্দ্র করেই তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাধবদী থানার এসআই সিকান্দার। এছাড়া উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আইনল হক, আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব সোহেল রানা, জনাব মাসুম মিয়া, জনাব হাবিবুর রহমানসহ স্থানীয় আরও অনেকে।
ঘটনাকে কেন্দ্র করে বড় বুনাঈদ গ্রামসহ পুরো আমদিয়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো প্রার্থীকে ভয়ভীতি বা হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
তারা আরও বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের কঠোর নজরদারি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মো. মোবারক হুসাইন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





