
নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। উপজেলার ১৩৯টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্যাপন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক।
তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব নিয়ে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করায় নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলার প্রতিটি পূজামণ্ডপে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।
ইউএনও লিখন বণিক দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও নাগরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার এই বন্ধন অটুট রেখে নাগরপুরের সব ধর্মের মানুষ আগামীতেও মিলেমিশে বসবাস করবেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন।





