
ডাকাতির পরিকল্পনার সন্দেহে জয়নগরে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য এলাকায়
মোমিন আলি লস্কর জয়নগর:
ডাকাতির পরিকল্পনার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল জয়নগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত ঢোসা ব্রিজ এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে এলাকায় টহলদারি চালাচ্ছিল পুলিশের একটি দল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ঢোসা ব্রিজ এলাকায় অভিযান চালান পুলিশকর্মীরা। সেখানে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথাবার্তা ও গতিবিধিতে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।ধৃত যুবকের নাম আজিবুল গাজী (২৪)। তাঁর বাড়ি জয়নগর থানার চালতাবেড়িয়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, আদৌ কোনও ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল কি না এবং ধৃতের সঙ্গে অন্য কোনও অপরাধমূলক ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
ধৃত যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।





