
নাগরপুরে গয়হাটা ইউপি নির্বাচনে জাকির তালুকদারের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৩ নং গয়হাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন জমজমাট হয়ে উঠছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের সমর্থনে বিনোদ বঙ্গটিয়া এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আটটায় আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের জনগণ, মুরুব্বি ও তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক জনসমাবেশে পরিণত হয়। এ সময় উপস্থিত জনতা জাকির তালুকদারের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ও আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।
বিনোদ বঙ্গটিয়া এলাকায় আয়োজিত এই বৈঠকে স্থানীয় ব্যক্তিত্ব আলিমুদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে জাকির তালুকদার বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমার বাবা মরহুম কাসেম তালুকদার আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে গেছেন। আমিও আমার বাবার আদর্শ অনুসরণ করে গয়হাটা ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে চাই।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকাকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশাসিত গয়হাটা মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন।
উঠান বৈঠকে স্থানীয় বক্তারা এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজের প্রসারে জাকির তালুকদারকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো: এ. মাহবুব মিয়া, মো: পলাশ, মো: কামরুল, মো: আসলাম মনছুর, মো: সবুজ মিয়া ও মো: রফিক কাজীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।





