
সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিকের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এ আসনের ৬টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন,নাগরিক সমস্যা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় সিলেট সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, ইতোমধ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ,বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয়।
বিশেষ করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পানি সরবরাহ, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। উন্নয়নকাজ যেন বিচ্ছিন্নভাবে না হয়ে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। একই সঙ্গে জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার এবং টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে এলাকার সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং বাস্তবসম্মত সমাধান গ্রহণ করা সহজ হয়।
সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন, মানসম্মত নাগরিক সেবা এবং বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আমাদের লক্ষ্য—উন্নয়নের সুফল পৌঁছে যাক নগরীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে।





