
পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা।
মোঃ জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ১৪,০৯,২৬,সোমবার
উৎপাদন খরচ বাড়লেও এবার পাটের ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কুড়িগ্রামের চাষিরা। বেসরকারি ক্রয়কেন্দ্রগুলো এখনো পুরোদমে কেনা শুরু না করলেও স্থানীয় ব্যবসায়ী ও মজুদদাররা পাট কিনে গুদামজাত করছেন। ফলে বেড়েছে চাহিদা ও দাম। বর্তমানে মানভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় ১৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন ধরা হয়েছে ১ লাখ ৯৪ হাজার বেল। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় উঁচু এলাকার কৃষকদের দূরে নিয়ে পাট জাগ দিতে বাড়তি ভোগান্তি ও খরচ হয়েছে।
কৃষকদের মতে, এবার ফলন ভালো হওয়ার পাশাপাশি গত বছরের তুলনায় মণপ্রতি প্রায় ৫০০ টাকা বেশি দাম পাওয়ায় তাঁরা সন্তুষ্ট। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি কোম্পানিগুলো কেনা শুরু করলে পাটের দাম আরও বাড়তে পারে।





