
সালথায় বিনামূল্যে ২ শতাধিক রোগীকে চক্ষু সেবা: রিপোর্টার্স ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ
মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দরিদ্র ও অসহায় ২০০ জনেরও বেশি চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। একই সাথে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার (অপারেশন) ও লেন্স সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টায় সালথা থানাধীন পুরুরা মৃধাপাড়া ভূমি অফিস সংলগ্ন মাঠে ‘রিপোর্টার্স ক্লাব ফরিদপুর’- এর উদ্যোগে এবং ‘লায়ন্স ক্লাব অব ঢাকা (সুগন্ধা-৩১৫, এ/১ বাংলাদেশ)’-এর সহযোগিতায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে লায়ন চক্ষু হাসপাতাল ঢাকা থেকে আগত অভিজ্ঞ মেডিকেল অফিসার ডাঃ তুষার কর্মকার, ডাঃ আবুল হোসেন, ডাঃ মেহেদী হাসান, ডাঃ ওসমান গনি ও ডাঃ আলমগীর হোসেন চিকিৎসা প্রদান করেন। পুরুষ, নারী ও শিশুসহ এলাকার প্রায় ২৫০ জন রোগী এখান থেকে চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।
ক্যাম্প শেষে রোগীদের উদ্দেশ্যে লায়ন ডাঃ আলমগীর হোসেন জানান, যেসব ছানি রোগী শনাক্ত হয়েছেন, তাদের লায়ন চক্ষু হাসপাতাল ঢাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে। এছাড়া রোগীদের আসা-যাওয়া, থাকা-খাওয়া ও অন্যান্য চিকিৎসার সম্পূর্ণ খরচ আয়োজক সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে।
আয়োজনের বিষয়ে ‘রিপোর্টার্স ক্লাব ফরিদপুর’-এর সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ বলেন, “আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সবসময় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। গ্রামীণ এলাকায় অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। যথাসময়ে অবহেলার কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন। এসব অসহায় ও ছানি রোগীদের কথা চিন্তা করেই লায়ন্স ক্লাব অব ঢাকার সহায়তায় বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
স্থানীয়দের সক্রিয় সহায়তায় এবং রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সদস্য আনিসুর রহমান তাজুলের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। অসহায় ও দুস্থ মানুষদের কল্যাণে এমন মহতী উদ্যোগের জন্য সচেতন মহল ও সর্বস্তরের মানুষ আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।





