
গণঅভ্যুত্থান দিবসে ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা, যোদ্ধাদের সংবর্ধনা
নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় অবস্থিত ‘জুলাই যোদ্ধা চত্বর’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, গণঅভ্যুত্থানের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, গণঅভ্যুত্থানের পটভূমি এবং শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। এ সময় আন্দোলনে নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।





