
মিরসরাইয়ে ২ কোটি টাকার বেশি মূল্যের প্রায় ৬৮ হাজার ইয়াবা উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার মো. মাসুদ আলম।
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন আল নুর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে রয়েছে ৬৭ হাজার ৬৮০ পিস অক্ষত এবং ৬০০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ৮৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭টি ব্যাগে রাখা এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি উদ্ধার অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
পুলিশ সুপার বলেন, “চট্টগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





