
নাগরপুরে এনসিপির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
তারিয়াশ পলাশ আহ্বায়ক, সরদার আশরাফ সদস্যসচিব
মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ছয় মাস মেয়াদি এ কমিটির অনুমোদন দিয়েছে এনসিপির টাঙ্গাইল জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এনসিপি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্যসচিব মাহমুদুর রহমান রাসেলের স্বাক্ষরিত দলীয় প্যাডে নাগরপুর উপজেলা শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে তারিয়াশ পলাশকে আহ্বায়ক এবং সরদার আশরাফকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে আরও ২৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ছয় মাস।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা নাগরপুরে দলীয় কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভূমিকা রাখার চেষ্টা করবেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দলীয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।





