
কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বাড়াতে দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে ধারণা দেওয়া এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দুই দিনের প্রশিক্ষণে নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব ও কর্তব্য, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, বডি ওর্ন ক্যামেরার ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমাল ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি, আরআই পুলিশ লাইন্স মোঃ আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।





