
পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাবনা জেলাকে মাদকমুক্ত ও অবৈধ আগ্নেয়াস্ত্র নির্মূলের লক্ষ্যে পুলিশ সুপার, পাবনার নির্দেশনায় পাবনা সদর থানার চৌকস টিম (CRT Team) অভিযানটি পরিচালনা করে।
আজ পাবনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর মজুমদারপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় খন্দকার শাহরিয়ার কবির রিমনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৮ চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার এবং .২২ বোরের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির মধ্যে রিভলভারটি আসামির ব্যবহৃত ওয়ারড্রপের ড্রয়ার থেকে এবং গুলিগুলো শয়নকক্ষের টয়লেটের অকেজো ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা জেলা প্রতিনিধি
২৪/০৯/২৬





