
ঠাকুর গাঁও জেলার বালিয়াডাঙ্গীতে মিড-ডে মিলের খাবার গ্রহণের পর অসুস্থ শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসকঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি মিড-ডে মিলের খাবার গ্রহণের পর শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত ২১ সেপ্টেম্বর মধুপুর-১, তুলশীপাড়া ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের ডিম খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থীর শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয় এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হয় এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। একই সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয় এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ নির্ধারণে খাবারের নমুনা পরীক্ষাসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে পূর্বের ঘটনার বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের মিড-ডে মিল কার্যক্রমের মান, প্রস্তুত, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে, জানিয়েছেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক।





