
টাঙ্গাইলে নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিওসহ গ্রেপ্তার ।
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং প্রধান এনাম জাবির অমিওসহ (২১) চার সদস্যকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গত সোমবার (০৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য সদস্যরা হলেন—গয়হাটা গ্রামের মো. মাসুদ মিয়া (২২), মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়ন এলাকার মো. জাহিদুল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে নাগরপুরের গয়হাটাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





