
পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা
সাইদার ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে ৫৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিক রমজানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে মজুত করা মোট ৭৬ বস্তা সারের মধ্যে ২১ বস্তার বৈধ কাগজপত্র দেখাতে পারায় সেগুলো ছেড়ে দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। এ সময় জয়নালের ছেলে রমজানের বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিরতা গ্রামের ওই বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে রাখার তথ্য পায় প্রশাসন। পরে এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৭৬ বস্তা সার পাওয়া যায়। এর মধ্যে ২১ বস্তা সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারায় সেগুলো ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৫৪ বস্তা সার জব্দ করা হয়।জব্দ করা সারগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় রমজানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমগীর এবং এনএসআইয়ের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা সারের বিষয়ে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





