
কঠোর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে সীতাকুণ্ডে দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হয়।
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত উপজেলার ৭৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজাকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেন। লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারী, রাউজানসহ বিভিন্ন এলাকায় পূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
গত ২০ অক্টোবর মহানবমীর দিন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম উপজেলার বাড়বকুণ্ডের শ্রীশ্রী রক্ষাকালী মন্দির, সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা ও ভোলাগিরি আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন থানার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেছে।
সীতাকুণ্ডে ৭৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলামের নেতৃত্বে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশ সদস্যদের তৎপরতা ও সার্বিক সহযোগিতার কারণে নারী-পুরুষ নির্বিশেষে ভক্তরা নির্বিঘ্নে পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার দর্শন করতে পেরেছেন।
সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার কারণে তাঁরা স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পেরেছেন। বিশেষ করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন তাঁরা।
এ সময় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সরকারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে পালন করতে পারেন, সে জন্য এ ধরনের নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে—এটাই তাঁদের প্রত্যাশা।
সার্বিকভাবে সীতাকুণ্ডে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সন্তোষ দেখা গেছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও নিরাপদ পরিবেশে এবারের দুর্গোৎসব উদযাপিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





