
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
সীমান্তপথে মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ এবং একজনকে আটক করে।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।





