
সিলেটে বিশ্ব বসতি দিবস উদযাপন: ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ নিশ্চিত করার আহ্বান।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সিলেটে পালিত হয়েছে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’। এ উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়াম মাঠে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ কেবল একটি স্লোগান নয়; এটি মানুষের মৌলিক মানবাধিকার, সামাজিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নিরাপদ ও টেকসই আবাসনই মূলত মানুষের মর্যাদা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সক্ষমতার মূল ভিত্তি তৈরি করে।
সিলেটের দ্রুত নগরায়ণ ও পরিবেশগত বৈচিত্র্য তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র কংক্রিটের অবকাঠামো গড়ে তুললেই চলবে না। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দূরদর্শী পরিকল্পনা, পরিবেশগত সামঞ্জস্য ও আধুনিক প্রকৌশলগত দক্ষতার সমন্বয়ে স্মার্ট নগর গড়ে তুলতে হবে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং গণপূর্ত অধিদপ্তর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাহিয়ান এবং অ্যাপ্লাইড সায়েন্টিফিক রিসার্চের গবেষক মো. তৌসিফ রহমান। মূল প্রবন্ধগুলোতে সিলেটে পরিকল্পিত নগর উন্নয়ন, টেকসই গৃহায়ন কাঠামো, স্থাপত্য শিক্ষা ও পর্যটনের সাথে উন্নয়নের সমন্বয়ের নানা দিক তুলে ধরা হয়।





